মাঝে মাঝে মনে হয়, বেড়িয়ে পরি
উত্তরের খোঁজে।
যে প্রশ্ন করেনি কেউ, খোঁজে নি
কেউ যার উত্তর।
খুঁজে ফিরি তারে -রাস্তার মোরে,
প্রত্যন্ত প্রান্তরে।
ভিড়ের মাঝে একাকিত্বের চাদর
গায়ে জড়িয়ে ;
অদৃশ্য প্রশ্নের সদৃশ্য উত্তর খুঁজি
একান্ত যতনে।
বিনিদ্র রাত জাগি সুপ্ত শহরের বুকে
প্রদীপ্ত আঁধারে।
নিঃশব্দ কোলাহল শুনি, কান পেতে
যদি খুঁজে পাই;
সেই উত্তর, যা কেউ খোঁজেনি কখনো;
করেনি জিজ্ঞাসা।
আশায় বাঁধেনি বুক, কখনো পাবে বলে
যে প্রশ্নের সদুত্তর।
খুঁজে ফিরি তাই, ব্যস্ততার মুখোশ পরা
একান্ত অবসরে ;
প্রখর গ্রীষ্মের দাবদাহে চাতক, যেমন
খুঁজে ফেরে বৃষ্টি।
তেমন করেই আমিও খুঁজে ফিরি, সেই
না খোঁজা উত্তর।
প্রেমের মোড়কে ঘৃণা আর কান্না চাপা-
হাসির কলরোলে,
উদগ্র আগ্রহে বা চরম উদাসীনতায়
খুঁজি তারে নিরন্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন